মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য ভয়েস’-এর চব্বিশতম সিজনের সাবেক প্রতিযোগী ও তরুণ সংগীতশিল্পী ডিলান কার্টার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কোলেটন কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ডিলান একাই গাড়িতে ছিলেন। দক্ষিণ ক্যারোলিনা হাইওয়ে পেট্রোলের কর্মকর্তারা জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে একটি বিদ্যুতের খুঁটি ও দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ডিলানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার নিজ শহর মঙ্কস কর্নারের মেয়র থমাস হ্যামিলটন জুনিয়র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ডিলান ছিলেন অত্যন্ত প্রতিভাবান একজন সংগীতশিল্পী, যিনি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে সবাইকে আনন্দ দিতেন। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ গভীরভাবে শোকাহত।
২০২৩ সালে ‘দ্য ভয়েস’-এর অডিশনে তিনি হুইটনি হিউস্টনের জনপ্রিয় গান ‘আই লুক টু ইউ’ পরিবেশন করে বিচারকদের প্রশংসা অর্জন করেন এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।
পরবর্তীতে ২০২৪ সালে তিনি ‘দ্য লোকাল ভয়েস’ নামে একটি অলাভজনক সংগঠন সহ-প্রতিষ্ঠা করেন, যা স্তন ক্যানসারে আক্রান্ত নারী ও দরিদ্র পরিবারকে সহায়তা করত। এই সংগঠনের জন্য তিনি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করতেন।
সব মিলিয়ে এক উদীয়মান ও প্রতিভাবান তরুণ সংগীতশিল্পীর অকাল মৃত্যুতে সংগীতজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


