দক্ষিণ ভারতের টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল দীর্ঘদিন অসুস্থ থাকার পর না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দেন অভিনেত্রী সিমা জি নায়ার। তিনি লেখেন, দীর্ঘ দুই বছর ধরে তিনি সিদ্ধার্থের জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ঈশ্বর তাকে কষ্টমুক্ত করেছেন বলে তিনি উল্লেখ করেন।
অভিনেতা কিশোর সত্য-ও সিদ্ধার্থের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, সিদ্ধার্থ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং তার চিকিৎসার দায়িত্বে ছিলেন সিমা জি নায়ার।
কেরালার ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম নেওয়া সিদ্ধার্থ ভেনুগোপাল কলেজজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। শুরুতে তিনি উপস্থাপক হিসেবে কাজ করলেও পরে মালায়ালাম টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক যেমন ‘কস্তুরীমান’ ও ‘ভাগ্যজাতকম’-এ অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান।
তার মৃত্যুতে পরিবারে মা ও ছোট ভাইসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী শোকাহত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


