জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জ জেলা শহরে হাতির আক্রমণে মাসুদুর রহমান (৪৫) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে সোমবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের নগুয়া পুরাতন বাসস্ট্যান্ডে নিজ মালিকানাধীন ঔষধের দোকানে তিনি হাতির আক্রমণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আবারও তাকে মঙ্গলবার (২ জুলাই) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

নিহত মো. মাসুদুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ব্যবসা সূত্রে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এতিমখানা এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের নগুয়া পুরাতন বাসস্ট্যান্ডে এআর ফার্মা নামক ফার্মেসিতে মো. মাসুদুর রহমান বসে ছিলেন। এ সময় একটি হাতি তার ফার্মেসিতে চাঁদার জন্য শুঁড় এগিয়ে দিলে মো. মাসুদুর রহমান ১০ টাকা দেন। টাকা পেয়ে হাতিটি সামনে কিছুটা এগিয়ে যাওয়ার পর চাঁদা নিয়ে অন্য এক দোকানির সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় শোরগোল শুনে মো. মাসুদুর রহমান ফার্মেসি থেকে বের হলে হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে এনে ফার্মেসির সামনে আছাড় মারে। এতে পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান মো. মাসুদুর রহমান।

এ ঘটনায় হাতিসহ মাহুত রিয়াজকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.