কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোহনা এলাকায় মেঘনা নদীতে বাদাম ব্যবসায়ীদের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) ভোরে সংঘটিত এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট হয়েছে বলে পুলিশ ও ভুক্তভোগীরা জানিয়েছেন।

ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার বাদাম ব্যবসাপ্রতিষ্ঠান ‘এনএম ব্রাদার্স’-এর মালিক তিন ভাই—মাসুম আহমেদ, শামিম আহমেদ ও ফরহাদ আহমেদ। প্রতিদিনের মতো তারা ভোরে নৌপথে ব্যবসায়িক কাজে রওনা দেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ মোট ১০ জন একটি নৌকায় করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজা বাজারে যাচ্ছিলেন। তাদের সঙ্গে বাদাম কেনার জন্য একটি বস্তায় প্রায় ৩৫ লাখ টাকা ছিল।
ভোর পৌনে ছয়টার দিকে নৌকাটি ভৈরব-আশুগঞ্জ মোহনার মাঝামাঝি পৌঁছালে একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকা তাদের পথরোধ করে। পরে ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল নৌকায় উঠে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকার বস্তা ছিনিয়ে নেয়। প্রায় ১০ মিনিটের মধ্যেই ডাকাতরা লুটপাট শেষে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা ব্যবসায়ীদের নৌকার ইঞ্জিন অচল করে দেয়, যাতে কেউ ধাওয়া করতে না পারে।
এনএম ব্রাদার্সের স্বত্বাধিকারী শামিম আহমেদ জানান, তারা প্রায় পাঁচ বছর ধরে নিয়মিতভাবে বাইশমৌজা বাজার থেকে বাদাম ক্রয় করে আসছেন এবং ঘটনার দিনও সেই উদ্দেশ্যেই রওনা হয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাঝনদী থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে। পরে ডাকাতদের ব্যবহৃত নৌকাটি আশুগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



