বসতঘর ও জমিজমা বিক্রির প্রায় ৩০ লাখ টাকা হারানোর পর দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক যুবক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ওই যুবক মো. ইউসুফ (২৮) দুধ দিয়ে গোসলের মাধ্যমে জুয়া না খেলার শপথ নেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ কাচিয়া ইউনিয়নের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন।
ইউসুফ বলেন, বন্ধুদের মাধ্যমে প্রথমে তিনি অনলাইন জুয়া খেলায় যুক্ত হন। শুরুতে কিছু অর্থ লাভ করলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার অর্থ জোগাড় করেন, পরে সবই হারান বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আজ আমি সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই, আমার মতো আর কোনো যুবক যেন এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত না হয়।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ইউসুফ বলেন, জুয়া খেলা ব্যক্তিদের নয়, বরং এসব অ্যাপস পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশে অনলাইন জুয়া পুরোপুরি বন্ধ করার দাবি জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


