আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে।

মিনার-এ-দিল্লি

Advertisement

এর আগে এই সম্মাননা পেয়েছেন ভারতের অভিনেত্রী ও নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) এবং রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)। রুনা লায়লা এই সম্মাননা পাওয়া চতুর্থ বিশিষ্ট ব্যক্তিত্ব।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা হিসেবে কাজ করে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৪ থেকে ৮ মে পর্যন্ত এবারের আসর অনুষ্ঠিত হবে।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা রুনা লায়লাকে পাঠানো চিঠিতে লিখেছেন, কয়েক দশক ধরে তাঁর সুমধুর কণ্ঠ ও বর্ণাঢ্য সংগীতযাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। তাঁর গান শুধু সংগীত নয়, বরং আবেগ, স্মৃতি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রুনা লায়লা এই পুরস্কার গ্রহণ করলে তা ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং শিল্প-সংস্কৃতির অঙ্গনে নতুন প্রেরণা যোগাবে।

চিঠিতে জানানো হয়, শিল্পীর জন্য ঢাকা-দিল্লি-ঢাকা বিজনেস ক্লাস বিমান টিকিট, পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা এবং আলাদা গাড়ির সুবিধা রাখা হয়েছে।
রুনা লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মর্যাদাপূর্ণ এই সম্মাননার জন্য তিনি কৃতজ্ঞ এবং অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী।

উৎসবটি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের আসরে নারী ক্ষমতায়ন, সামাজিক বিষয়, শিশুদের বিষয়বস্তু এবং নারী নির্মাতাদের কাজ বিশেষভাবে গুরুত্ব পাবে।

উৎসবে অংশ নেবেন ভারত ও বিশ্বের বিভিন্ন খ্যাতনামা শিল্পী ও নির্মাতা। এদিকে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে বুধবার সকালে রুনা লায়লা সিলেট পৌঁছেছেন বলেও জানা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.