মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে গত কয়েক ঘণ্টার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, তাৎক্ষণিক ঝুঁকি কিছুটা কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ইরানি হামলার জেরে স্থগিত থাকার পর কুয়েত আবারও তাদের বিমান চলাচল পুনরায় শুরু করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সময় সকাল ৬:১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩:১৫) বিমান চলাচল পুনরায় চালু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কুয়েতের ওপর চালানো ইরানি হামলার পর পরিস্থিতি বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল এবং ঝুঁকি কমে এসেছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এর আগে কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এতে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের মোট ১১টি ফ্লাইট পার্শ্ববর্তী বিমানবন্দরগুলোতে ঘুরিয়ে দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিমান চলাচল খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, জিসিসিভুক্ত দেশগুলো এই অঞ্চলে বৈশ্বিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে কাজ করে, তাই এ ধরনের অস্থিরতা আন্তর্জাতিক ফ্লাইট ব্যবস্থাতেও প্রভাব ফেলে।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



