ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে জুয়েল নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

মঙ্গলবার (২ জুন) বিকেলে র্যাব-২-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদের ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজেদের বাসার সামনে নামেন দুই বোন। এ সময় চাপাতি হাতে কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ভয়ভীতি দেখিয়ে তারা মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাগ ও লাগেজসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করে লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তুনাত জিনা মাহজাবিন মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এর আগে গত ৩১ মে রাতে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ি থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরেন দুই বোন। বাসার সামনে রিকশা থেকে নামার পরপরই তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুই নারীর দিকে হঠাৎ চাপাতি হাতে এগিয়ে আসে লুঙ্গি পরা, গায়ে কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি। তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল।
চাপাতির ভয় দেখিয়ে প্রথমে রিকশাচালককে ধাক্কা দেওয়া হয়। এরপর দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



