ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন; যাঁরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।’
বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়।
আরও বলা হয়, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।
এদিকে, বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
আজ শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপিকে এক কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’
নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে।
আল–জাজিরার খবরে বলা হয়, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরাকি কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টার অবতরণস্থলে (হেলিপ্যাড) ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত বিশাল এই দূতাবাস প্রাঙ্গণটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়।
এ হামলার বিষয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে গতকাল শুক্রবার দূতাবাসের পক্ষ থেকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়। সেখানে সতর্ক করে বলা হয়েছিল, ইরান ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং তারা আবার এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


