সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ ৪০০ বছরেরও বেশি পুরোনো একটি বিরল পবিত্র কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে। ইসলামি সভ্যতার শৈল্পিক দক্ষতা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

প্রদর্শিত পাণ্ডুলিপিটি হিজরি ১১শ শতাব্দীর। এতে সূক্ষ্ম সোনালি অলঙ্করণ, উজ্জ্বল রঙের ব্যবহার এবং নিখুঁত ক্যালিগ্রাফি দেখা যায়, যা তৎকালীন ইসলামি শিল্পকলার উৎকর্ষকে তুলে ধরে।
প্রতিটি পাতায় রয়েছে ফুলেল নকশা ও জটিল কারুকাজ। বিশেষ করে সূরা আল-ফাতিহা সংবলিত অংশে জ্যামিতিক নিখুঁততা ও সোনালি অলঙ্করণের সমন্বয় দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাণ্ডুলিপি ইসলামি ক্যালিগ্রাফি ও অলঙ্করণ শিল্পীদের অসাধারণ দক্ষতার নিদর্শন। এটি প্রমাণ করে যে সে সময়ের শিল্পীরা ধর্মীয় লেখাকে কেবল পাঠ্য হিসেবে নয়, বরং এক অনন্য শিল্পরূপে উপস্থাপন করতেন।
মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত এই জাদুঘরে সংরক্ষিত অন্যান্য পাণ্ডুলিপির মাধ্যমে কয়েক শতাব্দী ধরে কোরআনের লিখনশৈলী ও অলঙ্করণের বিবর্তনও প্রদর্শন করা হচ্ছে।
এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ইসলামি শিল্প, ঐতিহ্য ও কোরআনের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধাবোধ সম্পর্কে জানতে পারছেন। একই সঙ্গে এটি কোরআনকে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং এক সমৃদ্ধ সাংস্কৃতিক ও শৈল্পিক অনুপ্রেরণার উৎস হিসেবেও উপস্থাপন করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



