নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক বছরেরও বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন এবং সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

প্রায় এক বছর চিকিৎসা চললেও তাঁর শারীরিক অবস্থায় এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি কয়েক দফা থেরাপি নিয়েছেন এবং বর্তমানে আরও একটি ধাপের থেরাপি চলছে, যা ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকেরা তাঁর অবস্থা পুনর্মূল্যায়ন করবেন।
তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন এখন কিছুটা কথা বলতে পারলেও কথাবার্তায় জড়তা রয়ে গেছে। বর্তমানে তিনি লন্ডনে তাঁর মেয়ের বাসায় আছেন। সেখানকার কিছু পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকে ধারণা করছেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তবে বাস্তবে তাঁর চিকিৎসা এখনো চলমান।
উল্লেখ্য, গত বছরের শুরুতে শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি অংশ অপসারণ করা হয় এবং এরপর থেকে তিনি নিয়মিত থেরাপির মধ্যে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



