পেন্টাগনের এক প্রার্থনা সভায় একটি উদ্ধৃতি ব্যবহার করে সেটিকে বাইবেলের বাণী বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের উৎসাহিত করতে গিয়ে ওই উদ্ধৃতি ব্যবহার করেন তিনি। তবে তার সেই উদ্ধৃতি আসলে বাইবেল নয়, বরং হলিউড সিনেমা ‘পালপ ফিকশন’ থেকে নেয়া।

এ ঘটনায় পিট হেগসেথকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবও এনেছেন।
জানা যায়, হেগসেথের ব্যবহৃত উদ্ধৃতিটি পালপ ফিকশনের একটি বিখ্যাত সংলাপ। ছবিতে এই সংলাপটি বলেন ভয়ংকর ভাড়াটে খুনি জুলস, যার চরিত্রে অভিনয় করেছিলেন স্যামুয়েল এল. জ্যাকসন। তিনি হত্যার আগে তার শিকারদের উদ্দেশে এই বক্তব্য দিতেন।
হেগসেথ বলেন, এটি ছিল ‘স্যান্ডি ১’ নামে পরিচিত মার্কিন বিমানবাহিনীর একটি কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ দলের ব্যবহৃত প্রার্থনা। ওই দলটি চলতি মাসের শুরুতে ইরানে আটকে পড়া এক মার্কিন বিমানসেনাকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।
তিনি শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘তারা একে সিএসএআর ২৫:১৭ বলে, যা সম্ভবত ইজেকিয়েল ২৫:১৭-এর প্রতি ইঙ্গিত।’ এরপর তিনি সবাইকে সঙ্গে নিয়ে উদ্ধৃতিটি পাঠ করেন।
সংবাদমাধ্যম দ্য নিউজউইক ইজেকিয়েল গ্রন্থের বাণী, পাল্প ফিকশনের সংলাপ ও হেগসেথের প্রার্থনা নিয়ে বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, হেগসেথ তার প্রার্থনায় যে বাণীটি ব্যবহার করেছিলেন, তা আসলে বাইবেলের চেয়ে পাল্প ফিকশন নামের চলচ্চিত্রে অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের দেয়া সংলাপের বিকৃত সংস্করণের সঙ্গেই বেশি মিলে গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, তিনটির মধ্যে বাইবেলের বাণীটি সবচেয়ে সংক্ষিপ্ত। সেখানে বলা হয়েছে, ‘আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ নেব এবং কঠোর শাস্তি দেব। আমি যখন আমার প্রতিশোধ কার্যকর করব, তখন তারা জানবে, আমিই প্রভু।’
বাকি দুটি অংশ তুলনামূলকভাবে বড় এবং এগুলোর মধ্যে বেশি মিল রয়েছে। সেগুলো মূল বাইবেলের লেখাকে অনেকটা বিস্তৃতভাবে ব্যাখ্যা বা সম্প্রসারিত করেছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি শন পারনেল গতকাল বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্বীকার করেন, প্রার্থনা বাণীটিতে পাল্প ফিকশনের সংলাপের অনুপ্রেরণা ছিল। যদিও অনুষ্ঠানে হেগসেথ এ কথা উল্লেখ করেননি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এক্স পোস্টে পারনেল লিখেছেন, ‘যারা বলছে, প্রতিরক্ষামন্ত্রী ইজেকিয়েল ২৫:১৭–কে ভুলভাবে উদ্ধৃত করেছেন, তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং বাস্তবতা সম্পর্কে অজ্ঞ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


