প্রেক্ষাগৃহে আজ শুক্রবার (১৯ জুন) মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘অভিমান’। এ সিনেমায় ‘রকস্টার আকাশ চ্যাটার্জি’র ভূমিকায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ষাটোর্ধ্ব মেগাস্টার। তবে দর্শকমহলে এ অভিনেতা উন্মাদনার পারদ ঝড়ালেও টালিউড ইন্ডাস্ট্রিতে বিতর্কের মুখে নায়ক।

নিজের অভিনীত নতুন সিনেমা মুক্তির প্রথম দিনই প্রসেনজিতের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছে গল্প চুরির অভিযোগ, যা বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়েছে ‘ইন্ডাস্ট্রি’ খ্যাত অভিনেতাকে। অভিযোগ উঠেছে, প্রসেনজিতের নতুন অভিনীত সিনেমাটির মূল ভাবনা প্রখ্যাত নির্মাতা সুমন ঘোষের থেকে চুরি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা সুমন ঘোষ এমন দাবি করেছেন। নির্মাতার ভাষ্য, আড়াই বছর আগে নতুন একটি গল্পের আইডিয়া তিনি প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেছিলেন। পরবর্তীতে তার সেই ধারণার সঙ্গে হুবহু মিল রেখেই নির্মিত হয়েছে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘অভিমান’।
‘কাদম্বরী’ খ্যাত এই পরিচালক জানান, যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস প্রযোজিত এ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য গত আড়াই বছর ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন সুমন। তার কাহিনিটির সঙ্গে ‘অভিমান’-এর টিজার-ট্রেলারের অনেকটাই সাদৃশ্য পেয়েছিলেন তবে সিনেমাটি মুক্তির পর পুরোপুরি বিষয়টি বুঝতে পেরেছেন নির্মাতা যে তার গল্প চুরি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে প্রসেনজিৎকে খোলা একটি চিঠিও লিখেছেন সুমন। ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন ‘পেশাগত নীতি এবং দায়বদ্ধতা’ নিয়ে। সুমন লেখেন, প্রিয় বুম্বাদা, অত্যন্ত ভারী মন নিয়ে তোমায় এই চিঠি লিখছি। শিল্পের সততা ও নৈতিকতা নিয়ে এমন কিছু প্রশ্ন বুকে চেপে বসেছে, যা আমার মতো একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে বিচলিত করছে। সৃজনশীলতা বা শিল্পের মূল ভিত্তি কী? শুধুই একটা চূড়ান্ত সৃষ্টি নাকি সেই সৃষ্টি তৈরি হওয়ার পেছনের পারস্পরিক বিশ্বাস, সততা ও নৈতিকতা?
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সোশ্যাল মিডিয়ায় সুমন ঘোষের এমন গুরুতর অভিযোগের মুখেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা সিনেমাটির প্রযোজনা সংস্থা। ফলে বিষয়টি নিয়ে টালিউডের অন্দরে শুরু হয়েছে নতুন কানাঘুষা ও জোর বিতর্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



