মুক্তির পর থেকেই যেন থামছেই না গতি। পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-কে নিয়ে নির্মিত বায়োপিক মাইকেল বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। মাত্র কয়েক দিনের মধ্যেই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে, আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ২২৫ মিলিয়ন ডলার।

চলচ্চিত্রটি মুক্তির আগেই ব্যাপক আলোচনায় ছিল। গত শুক্রবার (২৪ এপ্রিল) বড় পর্দায় মুক্তির পর দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে এটি। মুক্তির আগে অনুষ্ঠিত প্রদর্শনী থেকেই প্রায় ১৩ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় দাঁড়ায় প্রায় ৯৭ মিলিয়ন ডলার, যা বায়োপিক ঘরানার ইতিহাসে অন্যতম সফল সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা এবং এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন।
সপ্তাহের প্রথম কর্মদিবসেও ছবিটির গতি কমেনি। সোমবার আরও প্রায় ৭ দশমিক ৬৭ মিলিয়ন ডলার যুক্ত হয়ে উত্তর আমেরিকায় মোট আয় ১০৪ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটি সমান সাফল্য দেখাচ্ছে। প্রথম চার দিনেই উত্তর আমেরিকার বাইরে আয় হয়েছে প্রায় ১২২ মিলিয়ন ডলার। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২২৬ মিলিয়ন ডলারের বেশি।
বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে ছবিটি এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে। তা হলে এটি হবে ইতিহাসের প্রথম বায়োপিক, যা এই বিরল অর্জন ছুঁতে সক্ষম হবে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ছবিটি ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


