ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। কয়েকদিন আগে প্যারিসের একটি ব্যক্তিগত স্পোর্টস কমপ্লেক্সের সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে ১৭ এপ্রিল তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার দুই মেয়ে সিলিয়া ও শানা গভীর শোক প্রকাশ করে জানান, ফ্রান্স শুধু একজন প্রতিভাবান শিল্পীকেই হারায়নি, তারা ব্যক্তিগতভাবে হারিয়েছেন তাদের প্রিয় মাকে।
এদিকে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো। প্রাথমিকভাবে কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশ শহরে জন্মগ্রহণ করেন নাদিয়া ফারেস। শৈশব কাটে ফ্রান্সের নিস শহরে। অভিনয়ের স্বপ্ন নিয়ে পরবর্তীতে তিনি প্যারিসে পাড়ি জমান।
১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। এতে তিনি অভিনয় করেন জ্যাঁ রেনো ও ভিনসেন্ট ক্যাসেল-এর সঙ্গে।
পরবর্তীতে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার ও স্টর্ম ওয়ার্নিং’–এ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা বাড়ে তার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজক স্টিভ চ্যাসম্যান-কে বিয়ে করেন নাদিয়া। এরপর কিছু সময় অভিনয় থেকে দূরে থাকলেও ২০১৬ সালে মার্সেই সিরিজের মাধ্যমে আবারও পর্দায় ফেরেন। ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর ২০২২ সালে তিনি পুনরায় ফ্রান্সে ফিরে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


