একই অপরাধে সাধারণ নাগরিক ও দেশের প্রধানমন্ত্রী—সবার জন্য সমান শাস্তির বিধান কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষায়, ন্যায়বিচারে কোনো পদ, পরিচয় বা ক্ষমতার ভেদাভেদ থাকবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কোনো সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি পায়, একই অপরাধে জড়ালে দেশের প্রধানমন্ত্রীও সেই একই শাস্তির আওতায় পড়বেন। ব্যতিক্রমের সুযোগ থাকবে না। তিনি বলেন, এই ন্যায্য বিচারব্যবস্থা সারাদেশে প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য। এই বিচার মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ সব ধর্ম ও শ্রেণির মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে চাঁদাবাজি নির্মূল হবে। কেউ আর চাঁদাবাজির শিকার হবে না। যারা চাঁদাবাজিতে জড়িত, তাদের আইনের আওতায় এনে সংশোধনের মাধ্যমে দেশ গঠনের কাজে যুক্ত করা হবে। একইভাবে দুর্নীতিবাজদের জন্যও দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী রয়েছে—তবে সবাই এক মানসিকতার নন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে জীবন দেওয়া হলেও দেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে না দেওয়ার দৃঢ় সংকল্প নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


