নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হয়ে পানির অভাবে ৪৯ জনের মৃত্যু হয়েছে। মালি থেকে একটি ধর্মীয় উৎসবে অংশ নিয়ে নিজ দেশে ফেরার পথে এই ভয়াবহ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নাইজারের আগাদেজ অঞ্চলের প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, মালি থেকে নাইজারে ফেরার সময় যাত্রীবাহী ট্রাকটি মরুভূমির মধ্যে বিকল হয়ে পড়ে। যাত্রীদের সঙ্গে থাকা পানিও শেষ হয়ে যাওয়ায় তারা চরম সংকটে পড়েন। পরে আসামাকা এলাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে এক প্রত্যন্ত অঞ্চলে তীব্র তাপদাহ ও পানিশূন্যতার কারণে ৪৯ জনের মৃত্যু হয়। আসামাকা মালি সীমান্তের কাছে নাইজার ও আলজেরিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পথ।
প্রশাসন আরও জানায়, ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত তারা মরুভূমির কঠিন পরিবেশে আটকে পড়েন, যেখানে প্রচণ্ড গরম ও পানির অভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তবে দুইজন ব্যক্তি কোনোভাবে প্রাণে বেঁচে যান। তারা হেঁটে প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি পানির উৎসে পৌঁছান এবং সেখান থেকে আসামাকায় গিয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং নিহতদের গণকবরে দাফন সম্পন্ন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



