নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজের খুতবা শোনা অবস্থায় আসলাম আলী (৫৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত আসলাম আলী শহরের নতুন বাবু পাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন ঝাঁলমুড়ি বিক্রেতা। তিনি সৈয়দপুর শহর জামায়াতে ইসলামী যুব বিভাগের ১২নং ওয়ার্ড সভাপতি আশরাফ আলীর পিতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের খুতবা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে পাশে থাকা মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পবিত্র জুমার দিন মসজিদে খুতবারত অবস্থায় তার এ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, আসলাম আলী অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তবে তিনি সৎ ও ধর্মভীরু ছিলেন। কখনও নামাজ কাজা করতেন না। দ্বীনের পথে ছিলেন তিনি।
তার বড় ছেলে আশরাফ আলী বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তবে আমার বাবার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আসলাম আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


