ফুটবল বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ব্রাজিল দলের সাফল্য কামনায় নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা। শুক্রবার (১৯ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে বঙ্গবন্ধু সড়ক হয়ে চাষাঢ়া এলাকায় গিয়ে এটি শেষ হয়।

র্যালিতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা ব্রাজিলের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় তারা ‘ব্রাজিল জিতবে বিশ্বকাপ’, ‘ফুটবল আমাদের আবেগ’সহ নানা স্লোগান দেন। পুরো কর্মসূচিতে গান-বাজনায় মুখর হয়ে ওঠে শহরের পরিবেশ, যা এক উৎসবমুখর আবহ তৈরি করে।
সমর্থক তন্ময় রাইয়ান বলেন, ব্রাজিল তাদের কাছে আবেগের নাম। এবার দলটি হেক্সা শিরোপা জিতবে—এমন আশাই করেন তারা। তবে জয়-পরাজয় যাই হোক, ব্রাজিলের পাশেই থাকবেন বলে জানান তিনি।
আরেক সমর্থক সোহেল বলেন, ফুটবলকে কেন্দ্র করে এমন আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বাড়ায়। নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের পাশাপাশি খেলাধুলার পরিধি বাড়ানোরও আহ্বান জানান তিনি।
আয়োজক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, খেলাধুলা সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করে। ব্রাজিল সমর্থকদের এই র্যালি নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমী মানসিকতার প্রতিফলন এবং এটি সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



