নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

শুক্রবার (১৯ জুন) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার পাগলা তালতলা এলাকায় অবস্থিত নির্জন গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন আরবিন, জাকির, মঞ্জু, শাহীন, জয়, হৃদয়, সাবিনা, খাদিজা, নাসিমা, আল-আমিন ও অন্তরসহ আরও কয়েকজন। তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।
দুর্ঘটনার পর শ্রমিকরা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, বয়লারের ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া কারখানার অভ্যন্তরীণ সড়কে মালামাল রাখার কারণে চলাচলের পথ সংকুচিত ছিল, ফলে দুর্ঘটনার সময় অনেক শ্রমিক দ্রুত বের হতে পারেননি।
প্রতিবাদ হিসেবে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এ সময় উত্তেজিত কয়েকজন শ্রমিক কারখানার উৎপাদন ব্যবস্থাপক জসীম উদ্দীন ও সুপারভাইজার মনিরকে অবরুদ্ধ করে মারধর করেছেন বলেও জানা গেছে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের অভিযোগ ও দাবিগুলো মালিকপক্ষের সঙ্গে সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিকভাবে চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



