রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঈদের শপিং করতে গিয়েই আইফোন চুরি হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মৌমিতা মৌর। ঘটনা ঘটেছে ১৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে, এবং এ বিষয়ে ইতিমধ্যেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন নায়িকা নিজেই।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় চ্যানেল ২৪ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন মৌমিতা। তিনি অনুরোধ করেছেন, তার ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কেউ যোগাযোগ করলে তা এড়িয়ে চলার জন্য।
উল্লেখ্য, অভিনেত্রী ১৭ ফেব্রুয়ারি তার বাবা হারিয়েছেন। বাবার ক্যানসার চিকিৎসার কারণে কিছু সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তার সর্বশেষ অভিনীত সিনেমা ছিল ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।
মৌমিতা মৌ চলচ্চিত্রে ২০১৩ সালে ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে অভিষেক করেন। এরপর তিনি ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
বড়পর্দার পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। বি টেক এক্সপার্ট হেয়ার অয়েল, মদিনা সরিষার তেল, শার্প ডিটারজেন্ট পাউডারসহ কয়েকটি বিজ্ঞাপনে তাকে মডেল হিসেবে দেখা গেছে। এছাড়া তিনি নাটকেও অভিনয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


