কলকাতার গড়িয়াহাটে নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত টলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত। বুধবার (২৭ মে) দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এই আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ ও হোমিসাইড শাখা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের বাসভবনের ছাদ থেকে নিচে পড়ে যান অনীক দত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে গড়িয়াহাট থানার পুলিশ ও হোমিসাইড শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভবনের নিচে রক্তাক্ত স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে অনীক দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে যান নির্মাতা সৃজিত মুখার্জি, দেবজ্যোতি মিশ্রসহ টলিউডের বহু তারকা ও সহকর্মী।
অনীক দত্ত টলিউডের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নির্মাতা ছিলেন। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন, যা বক্স অফিসে সফলতার পাশাপাশি ব্যাপক প্রশংসাও অর্জন করে। এরপর তিনি ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’ এবং সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র নির্মাণ প্রক্রিয়ার পটভূমি নিয়ে তৈরি ‘অপরাজিত’সহ একাধিক আলোচিত চলচ্চিত্র উপহার দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



