বলিউড ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা রাম গোপাল ভার্মা। নিজের ক্যারিয়ারের সাফল্যের পেছনে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের মতো বাস্তব চরিত্রের প্রভাব রয়েছে বলে মন্তব্য করে তিনি নতুন বিতর্কের মুখে পড়েছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জনপ্রিয় সিনেমা ‘সত্যা’ ও ‘কোম্পানি’ মূলত মুম্বাইয়ের অপরাধ জগতের বাস্তবতা থেকে অনুপ্রাণিত। তার মতে, দাউদ ইব্রাহিমের মতো ব্যক্তিত্ব না থাকলে এ ধরনের গল্প সৃষ্টি করা কঠিন হতো এবং তার নিজের ক্যারিয়ারও হয়তো অন্যরকম হতো।
রাম গোপাল ভার্মা আরও বলেন, নিজের আত্মজীবনী ‘গানস অ্যান্ড থাইস’-এ তিনি দাউদ ইব্রাহিমকে উৎসর্গ করতে চেয়েছিলেন, যদিও প্রকাশক পরে সেই অংশ বাদ দেন। তবুও তিনি মনে করেন, বাস্তব জীবনের এসব চরিত্র তার কাজকে গভীরভাবে প্রভাবিত করেছে।
নির্মাতার দাবি, তার তৈরি সিনেমাগুলো আন্ডারওয়ার্ল্ডের লোকজনের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছিল। এ কারণেই তিনি কখনো তাদের কাছ থেকে হুমকির সম্মুখীন হননি; বরং তারা তার কাজকে ইতিবাচকভাবেই দেখেছেন বলে তিনি মনে করেন।
১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সত্যা’ চলচ্চিত্রে মুম্বাইয়ে আসা এক তরুণের অপরাধ জগতে জড়িয়ে পড়ার গল্প তুলে ধরা হয়। আর ২০০২ সালের ‘কোম্পানি’ সিনেমায় আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব দেখানো হয়েছে, যা দাউদ ইব্রাহিম ও ছোট রাজনের দ্বন্দ্ব থেকে অনুপ্রাণিত।
উল্লেখ্য, এর আগেও দাউদ ইব্রাহিমকে ‘অনুপ্রেরণা’ হিসেবে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছিলেন এই নির্মাতা। শিক্ষক দিবস উপলক্ষে দেওয়া এক পোস্টে বলিউড তারকাদের পাশাপাশি দাউদের নাম উল্লেখ করায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


