প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পরিবর্তিত হবে এবং অপশাসন আর ফিরে আসবে না। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই নির্বাচন দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবদের সঙ্গে অনুষ্ঠিত গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তার বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন প্রায় ৭০ জন সিনিয়র সচিব ও কর্মকর্তারা।
অধ্যাপক ইউনূস বলেন, অতীতের নির্বাচনগুলো প্রকৃত অর্থে সুষ্ঠু হয়নি; এগুলো ছিল ভুয়া নির্বাচন। তবে এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। বিশেষ করে এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, যা আগে কখনো হয়নি।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রযুক্তি ব্যবহার ব্যাপকভাবে করা হয়েছে। ভোটারদের সুবিধার জন্য চালু করা হয়েছে একটি ভোটিং অ্যাপ, পাশাপাশি ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা তদারকির জন্য বিশেষ অ্যাপ ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩ চালু আছে
প্রায় ২৫,৭০০টি বডি-ওর্ন ক্যামেরা এবং সিসিটিভি স্থাপন করা হয়েছে
বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক আসছেন
অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনি প্রচারণা শান্তিপূর্ণ হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তিনি সচিবদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত ১৮ মাসে জারি ও বাস্তবায়িত ১৩০টি অধ্যাদেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের সফলতা বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, তরুণ জনগোষ্ঠী বিপুল কর্মসংস্থানের সুযোগ পাবে। বিশেষ করে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


