ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, কারচুপি না ঘটে এবং প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এ বিষয়ে কোনো সংশয় নেই বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, এর আগে তারেক রহমান ফরিদপুরে জনসভায় অংশ নিয়ে বৃহত্তর ফরিদপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি ফরিদপুর বিভাগ গঠন ও পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এসব উন্নয়ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যুবসমাজকে নতুনভাবে ভাবতে হবে এবং একটি উন্নত ও আধুনিক সালথা উপজেলা গড়ে তুলতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। খেলাধুলার সুযোগ বাড়াতে মাঠ ও অবকাঠামো তৈরি করা হবে। সরকার গঠিত হলে এবং তিনি নির্বাচিত হলে এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি আধুনিক মাদরাসা ও মসজিদ নির্মাণ এবং ছাত্র-যুবকদের জন্য প্রতিটি ইউনিয়নে ক্রীড়া কেন্দ্র স্থাপনের কথাও জানান।
শামা ওবায়েদ বলেন, তাঁর বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সততার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে তিনি সালথা ও নগরকান্দাকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান। এ এলাকায় চাঁদাবাজি, দালালচক্র কিংবা টেন্ডারবাজির কোনো জায়গা থাকবে না বলেও তিনি দৃঢ় অবস্থানের কথা জানান।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান মোল্যা, মজিবর সরদার, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


