নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণার ব্যানার চুরি ও ক্ষতি রোধের জন্য নতুন নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়েছে। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহর প্রচারণা দলের সদস্যরা ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী, বিশেষ করে জামাতের প্রচারণা ব্যানার ও পোস্টার বারবার চুরি বা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলে নিজ উদ্যোগে ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচনী ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একইভাবে সোনাইমুড়ী পৌর এলাকায় মাদরাসা কেন্দ্রে ও অন্যান্য ব্যানারের ওপরও সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ পদক্ষেপ দুষ্কৃতকারীদের ব্যানার ক্ষতিসাধন থেকে বিরত রাখতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নোয়াখালী জেলা জামাতের প্রচার সেলের প্রধান ডাক্তার বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন স্থানে ১১ দলের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি। তাই সোনাইমুড়ীতে সিসি ক্যামেরার মাধ্যমে দুষ্কৃতকারীদের সনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ বলেন, বারবার ব্যানার চুরি ও ক্ষতির ঘটনায় বাধ্য হয়ে নিজের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এটি প্রচারণার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার জন্য জরুরি পদক্ষেপ।
সোনাইমুড়ী উপজেলার ইউএনও নাছরিন আকতার জানান, নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রতিটি অভিযোগ সরেজমিনে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


