রাষ্ট্রপতি সম্প্রতি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন। এ অধ্যাদেশের মাধ্যমে ঢাকা শহরের সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার গেজেট আকারে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ প্রকাশ করেছে। অধ্যাদেশ অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ একাডেমিকভাবে নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হবে।
নতুন বিশ্ববিদ্যালয়টি স্বায়ত্তশাসিত হবে এবং আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম, পরীক্ষা, গবেষণা এবং সনদ প্রদানের দায়িত্ব পালন করবে। স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন ও অন্যান্য জায়গা ব্যবহার করে কার্যক্রম চালানো যাবে।
গত বছরের ২৪ সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ প্রকাশ করা হয়েছিল। পরে চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এটি অনুমোদন দেয়। এবার সেটিই চূড়ান্ত অধ্যাদেশ হিসেবে গেজেট আকারে প্রকাশ পেল।
উল্লেখযোগ্য, এই সাতটি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ২০১৭ সালে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে। কিন্তু সেশনজট, ফল প্রকাশে বিলম্বসহ নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


