সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে আসা এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৮ কোটি ৫০ লাখ ডলার।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম ছয় মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার।
এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড তৈরি হয়েছিল ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে, যখন ঈদকে কেন্দ্র করে দেশে এসেছিল ৩২৯ কোটি ডলার। এটি এখনো পর্যন্ত সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে বিবেচিত। একই অর্থবছরের মে মাসে এসেছিল ২৯৭ কোটি ডলার, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
তবে এই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি ভেঙে দেয় সদ্য বিদায়ী বিজয়ের মাস ডিসেম্বর। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্র ছিল—
জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার
আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার
সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার
অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার
নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার
ডিসেম্বর: ৩২২ কোটি ৬৬ লাখ ডলার
এদিকে ২০২৪–২৫ অর্থবছরের সার্বিক চিত্রেও রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অর্থনীতি ও সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


