মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ‘কঠোর’ বিমান হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই এই অভিযান শুরু হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে এবং ইরানের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে এই হামলা শুরু হয়। সংস্থাটির দাবি, প্রেসিডেন্টের নির্দেশে এসব সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
পোস্টে আরও বলা হয়, “ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।”
আন্তর্জাতিক গণমাধ্যম ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পশ্চিম তেহরান, কিশ দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, কেশম ও মিনাবে বিস্ফোরণের খবর দিয়েছে। একই সঙ্গে ফার্স প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘কঠোরভাবে’ হামলা চালাবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক উত্তেজনার জন্য ইরানের আচরণ দায়ী এবং শান্তি আলোচনায় তেহরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করছে।
ট্রাম্প আরও ইঙ্গিত দেন, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা জানিয়েছে, মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজের চলাচল নিষিদ্ধ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কোনো নৌযান এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে তাকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



