আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
মোতায়েনকৃত বাহিনীর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য থাকবেন। বিমান বাহিনীর ৩ হাজার ৫০০ জন সদস্য প্রস্তুত থাকবেন সহায়তায়। পাশাপাশি দেশের ৫টি জেলার ১৭টি আসনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করবে ১ হাজার ২১০ প্লাটুন, যা সদস্যসংখ্যায় ৩৭ হাজার ৪৫৩ জন। কোস্টগার্ড ১০টি জেলার ১৭টি আসনের ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে মোট ৩ হাজার ৫৮৫ সদস্য নিয়োজিত করবে।
পুলিশ বাহিনীর ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। র্যাবের ৯ হাজার ৩৪৯ জন সদস্যও মাঠে থাকবেন। এ ছাড়া ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবেন।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) থেকেও ১ হাজার ৯২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা জোরদার করে ভোটারদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করাই এই বিশাল মোতায়েনের লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


