শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সাত হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। একই সঙ্গে আইন ভঙ্গকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের সরকারি সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণ দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা তদন্ত করা হয়। এর মধ্যে অবৈধ কর্মসংস্থানসংক্রান্ত ১৩ হাজার ৫০৯টি ঘটনায় শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর হিসাব থেকে সংশ্লিষ্ট মামলাগুলো বাদ দেওয়া। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধ চাকরির সুযোগ নিশ্চিত করতে তাদের মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত হয়েছে। এ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয় এবং নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ৩ হাজার ৫২২টি আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়।
এ ছাড়া অবৈধ গৃহকর্মী সেবা প্রচারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
মানবপাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন চালিয়েছে বলেও জানিয়েছে সৌদি সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



