দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত বছর স্থগিত হওয়া তার বহুল আলোচিত কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। একই সঙ্গে আগের টিকিটধারীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। যারা পূর্বে টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের টিকিট নতুন আয়োজনের জন্যও বৈধ থাকবে।
মূলত গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল করা হয়নি; বরং পরবর্তী সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।
কনসার্ট স্থগিত হওয়ার পর আতিফ আসলাম নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা দেন। তিনি দুঃখ প্রকাশের পাশাপাশি আশ্বাস দিয়েছিলেন যে নতুন তারিখে আবারও ঢাকায় এসে গান শোনাবেন। সেই সঙ্গে পুরোনো টিকিটধারীরা আগের টিকিট ব্যবহার করেই কনসার্টে অংশ নিতে পারবেন বলেও জানান।
প্রায় ছয় মাসের অপেক্ষার পর অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। আয়োজকরা জানিয়েছেন, পুরোনো টিকিটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকিটও বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং বিক্রির সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
মেইন স্টেজের নির্বাহী কাজী রাফসান বলেন, অনুষ্ঠান স্থগিত হওয়ার পর থেকে দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল—কনসার্টটি আবার হবে কি না। তিনি জানান, আয়োজকরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে আনন্দিত। প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় কাজ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ এবং ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গানের গায়ক আতিফ আসলাম বাংলাদেশের শ্রোতাদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। এর আগে ঢাকায় একাধিক সফল কনসার্ট করেছেন তিনি। ফলে তার নতুন কনসার্টের ঘোষণায় ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



