অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। ঘটনার প্রায় আড়াই মাস পর এবার মামলার তদন্তভার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর হাতে হস্তান্তর করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকের পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয় এবং তদন্ত কার্যক্রম সিআইডির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে অভিনেতার মৃত্যুর ঘটনায় ওডিশা সরকার একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছিল। সেই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গ প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে রাজ্যের ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত সিআইডির কাছে হস্তান্তর করা যায়।
এদিকে রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ওডিশা সরকারের ওপর বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে। বিষয়টি নিয়ে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এ ঘটনায় একাধিক অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে।
সিনে সংগঠনের দাবি, শুটিং চলাকালে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং নিয়ম লঙ্ঘনের কারণেই রাহুলের মৃত্যু হয়ে থাকতে পারে। একই সঙ্গে শুটিং সেটে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে এসআইটি।
সিআইডি তদন্তে যুক্ত হওয়ার সিদ্ধান্তের পর রাহুলের মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



