পাবনার সুজানগর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ছয় দিন ধরে অনশন করছেন এক এইচএসসি পরীক্ষার্থী। তবে ওই তরুণীর অবস্থানের পর থেকেই প্রেমিক তাহজিদ হোসাইন (উলাট মোল্লাপাড়া গ্রামের শফি মোল্লার ছেলে) বাড়ি থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও মেয়ের বাবার লিখিত অভিযোগ অনুযায়ী, কলেজছাত্রী ও তাহজিদের মধ্যে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে ওঠে। গত ৩১ মে রাত ১২টার দিকে তাহজিদ তার ভগ্নিপতি আকিবুল হকের সহযোগিতায় কলেজছাত্রীর বাড়িতে গিয়ে অবস্থান নেন। পরে স্থানীয়রা আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পেয়ে ঘটনাটি জানাজানি হয়। এ সময় তাহজিদ পালিয়ে যান বলে দাবি করা হয়।
ঘটনার পর ১ জুন থেকে ওই কলেজছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন। তবে তিনি বাড়িতে পৌঁছানোর পর রাতেই তাহজিদ সেখান থেকে গা ঢাকা দেন।
মেয়ের চাচাতো ভাই জানান, প্রথমে উভয় পরিবার আলোচনার মাধ্যমে বিয়ের বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু পরবর্তীতে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তির কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ে এবং বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়।
মেয়ের বাবা বলেন, “ঘটনার পর আমরা পারিবারিকভাবে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে যাওয়ায় মেয়েটি এখন ছেলের বাড়িতেই অবস্থান করছে। বিয়ে না হওয়া পর্যন্ত তাকে ফিরিয়ে আনা হবে না।”
অন্যদিকে তাহজিদের মা বিউটি খাতুন সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। তার দাবি, কিছুদিন যোগাযোগ বন্ধ থাকার পর মেয়েটি বিভিন্নভাবে ছেলেকে প্রভাবিত করে পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরও বলেন, স্থানীয়দের মধ্যস্থতায় বিয়েতে রাজি হলেও কিছু পক্ষ বিষয়টি ঘোলাটে করার চেষ্টা করছে।
এদিকে মেয়েপক্ষের অভিযোগ, ছেলের এক আত্মীয় পুলিশে কর্মরত থাকায় তারা ন্যায়বিচার পেতে বাধার মুখে পড়ছেন। পাশাপাশি ছেলের মা মেয়েটিকে কারও সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।
সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং প্রাথমিক তদন্ত চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উভয় পক্ষই আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



