ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী রজার ওয়াটার্স ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে তার বিখ্যাত গান ‘কমফোর্টেবলি নাম্ব’ এর নতুন সংস্করণ প্রকাশ করেছেন। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান শিল্পী মোনা মিয়ারি।

বুধবার প্রকাশিত এই গান ও এর মিউজিক ভিডিও ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সাদাকালো ভিডিওটিতে গাজার যুদ্ধবিধ্বস্ত চিত্র, ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষের জীবনসংগ্রাম এবং কঠিন পরিস্থিতির মধ্যেও টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে।
গানের শুরুতে মূল সংস্করণের অংশ পরিবেশন করেন রজার ওয়াটার্স। এরপর আরবি ভাষায় কণ্ঠ মেলান মোনা মিয়ারি, যেখানে তিনি যুদ্ধ, হারিয়ে যাওয়া ঘরবাড়ি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা তুলে ধরেন।
এক পর্যায়ে ওয়াটার্স বলেন, ফিলিস্তিনিদের কষ্ট ও বেদনার অনুভূতি তিনি দূর থেকেও অনুভব করেন। অন্যদিকে মোনার কণ্ঠে উঠে আসে আশার বার্তা—অন্ধকার ভেদ করে নতুন ভোরের আগমনের প্রত্যয়।
গানের শেষাংশে দুই শিল্পী একসঙ্গে মানবিক অধিকার ও সমান মর্যাদার পক্ষে অবস্থান নিয়ে জানান, তারা কখনো ‘কমফোর্টেবলি নাম্ব’ হয়ে থাকতে চান না।
রজার ওয়াটার্স দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের অধিকারের পক্ষে সোচ্চার। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তার রাজনৈতিক অবস্থান প্রায়ই আলোচনায় আসে। নতুন এই গানেও সেই অবস্থানেরই প্রতিফলন দেখা গেছে।
গত ১২ জুন বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হয়, পরে এর মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



