ফেনীর পরশুরামে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। সোমবার (২ মার্চ) বেলা ১১টায় পরশুরাম পৌরসভার অনন্তপুর সলিয়া কোলাপাড়া ঈদগাহ মাঠে জানাজায় অংশগ্রহণ করেন তিনি।

এর আগে রোববার (১ মার্চ) দুপুরে ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার পরশুরাম বাজারের নিজ বাসায় ইন্তেকাল করেন।
পুলিশ জানায়, বাবার জানাজায় অংশ নেয়ার জন্য ইয়াছিন শরীফ মজুমদারের পক্ষ থেকে তার স্ত্রী নাজিয়া সুলতানা আনিকা আইনজীবীর মাধ্যমে আদালতে প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিন ঘণ্টার জন্য এটি মঞ্জুর করেন। সকাল ১০টার দিকে পুলিশের পাহারায় তাকে ফেনী জেলা কারাগার থেকে পরশুরাম পৌরসভার গ্রামের বাড়িতে আনা হয়।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, জানাজা শেষে প্যারোলে মুক্তির সময় শেষ হওয়ায় তাকে পুনরায় জেলা কারাগারে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই ঢাকার ধানমন্ডি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় ইয়াছিন শরীফ মজুমদারকে (৪২) গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ফেনী জেলা কারাগারে বন্দী রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


