শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে ‘মূলহোতা’সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোররাতে নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নড়িয়া পৌরসভার ঢালীপাড়া গ্রামের সাত্তার ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারী (৩৮), কানারগাঁও গ্রামের মন্টু হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি গ্রামের খোকন মল্লিকের ছেলে আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রলারে করে কয়েকজন ব্যক্তি নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
এরপর রাতভর পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে নড়িয়া থানা পুলিশ। অভিযানের সময় ট্রলারে থাকা রাকিব হাওলাদার ও আরিফ মল্লিককে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা সোহাগ ব্যাপারীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে চলাচলরত বাল্কহেড থেকে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা সুকান্ত দত্ত বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


