পহেলা বৈশাখের আনন্দে পুরো দেশ এখন উৎসবমুখর। নতুন বছরের শুরুতে লাল-সাদা ঐতিহ্যবাহী সাজে নিজেদের উপস্থাপন করছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও শুভেচ্ছা বার্তা শেয়ার করে ভক্তদের সঙ্গে নববর্ষের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা। এ তালিকায় রয়েছেন জয়া আহসান, অপু বিশ্বাস, আজমেরি হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, সাফা কবিরসহ আরও অনেকে।

অভিনেত্রী জয়া আহসান আগেই নিজের বাসায় বৈশাখ উপলক্ষে বিশেষ আয়োজন করেন। তিনি সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করে জানান, নিজের হাতে পান্তা-ইলিশসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করেছিলেন তিনি। পাশাপাশি বেলুন, মুড়িমাখা, পিঠাপুলি ও নানা দেশীয় উপকরণে ভরপুর ছিল তার বৈশাখী পরিবেশ।
অন্যদিকে অপু বিশ্বাসকে দেখা গেছে সাদা শাড়িতে, যেখানে লাল ও নীল রঙের নকশা তার বৈশাখী সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রঙিন চুড়ি ও নীল পাড়ের শাড়ি তার দেশীয় লুককে দিয়েছে ভিন্ন মাত্রা।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বৈশাখে খোলা চুল, ছোট্ট টিপ ও শাড়িতে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।”
আজমেরি হক বাঁধন জামদানি শাড়ি ও গয়নায় নিজেকে সাজিয়ে নববর্ষ উদযাপন করেছেন। তিনি সকালে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছাও জানান।
মেহজাবীন চৌধুরী লাল-সাদা শিফন শাড়িতে বৈশাখ উদযাপন করে নিজের ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “আমার বৈশাখ।”
অন্যদিকে সাফা কবিরকে দেখা গেছে ভিন্ন সাজে—সাদা আনারকলি ও ফুলের সাজে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া জান্নাতুল ফেরদৌস ঐশীকেও লাল পাড়ের সাদা শাড়িতে বৈশাখ উদযাপন করতে দেখা গেছে।
সব মিলিয়ে তারকাদের এই রঙিন উপস্থিতি ও বৈশাখী সাজে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এবারের নববর্ষ উৎসব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


