সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এ তথ্য জানান। তাঁর সঙ্গে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী উপস্থিত ছিলেন। গ্রেফতার হওয়া সুরুজের বাড়ি রংপুর জেলায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা সলঙ্গা থানার ওসির ব্যবহৃত গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনে থাকা কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে পুলিশ ধাওয়া করে পিকআপ ভ্যানটি আটক করে। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সুরুজকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পিকআপটি জব্দ করা হয়।
পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, লাঠি এবং ইটের টুকরাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আহত কনস্টেবল রুহুলকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



