পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের নানা অদ্ভুত ও আলোচিত দিকের মধ্যে অন্যতম ছিল তার পোষা শিম্পাঞ্জি ‘বাবলস’। নতুন বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর আবারও আলোচনায় উঠে এসেছে এই শিম্পাঞ্জি, আর অনেকের মনে প্রশ্ন—এখন কোথায় আছে বাবলস?

১৯৮৩ সালে মাইকেল জ্যাকসন একটি শিশু শিম্পাঞ্জিকে নিজের কাছে নিয়ে আসেন এবং তার নাম রাখেন ‘বাবলস’। অল্প সময়ের মধ্যেই বাবলস তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মিউজিক ভিডিও, সাক্ষাৎকার এমনকি বিদেশ সফরেও তাকে মাইকেলের সঙ্গে দেখা গেছে।
তবে সময়ের সঙ্গে বাবলস বড় হয়ে ওঠে এবং মানুষের সঙ্গে একই পরিবেশে থাকা তার জন্য আর উপযুক্ত থাকে না। ২০০৫ সালে তাকে যুক্তরাষ্ট্রের একটি এপ স্যাংচুয়ারিতে স্থানান্তর করা হয়। বর্তমানে সে ‘সেন্টার ফর গ্রেট এপস’ নামের একটি সংস্থায় অন্যান্য শিম্পাঞ্জিদের সঙ্গে বসবাস করছে।
বর্তমানে বাবলস প্রাপ্তবয়স্ক। তার ওজন প্রায় ১৮৫ পাউন্ডের কাছাকাছি। স্বভাবে কিছুটা শান্ত হলেও মাঝে মাঝে দর্শনার্থীদের দিকে পানি ছিটানো বা বালি ছুড়ে দুষ্টুমি করার মতো আচরণও করে বলে জানা যায়। সে ছবি আঁকতে পছন্দ করে, তবে ছবি তোলা একেবারেই অপছন্দ করে। তার দেখভালের ব্যয় এখনও মাইকেল জ্যাকসনের এস্টেট বহন করছে।
পরিচালক অ্যান্টোইন ফুকা পরিচালিত নতুন বায়োপিক ‘মাইকেল’-এ বাবলসকে নিয়ে একটি দৃশ্যও দেখানো হয়েছে, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। সেখানে দেখা যায়, হঠাৎ করে একটি শিম্পাঞ্জিকে বাড়িতে নিয়ে আসেন মাইকেল, যা তার পরিবারকে অবাক করে দেয়।
‘মাইকেল’ সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় প্রায় ৬৫ মিলিয়ন ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


