দক্ষিণ ভারতের প্রসিদ্ধ অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে ঘিরে পরকীয়ার বিতর্ক থামছেই না। অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জনের মধ্যে এবার পারিবারিক জীবনে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।

বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। এই ঘটনার পর তাদের ছেলে জ্যাসন সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে আনফলো করেছেন।
শুধু তাই নয়, নিজের নাম থেকেও বাবার নামের আদ্যাক্ষর সরিয়ে ফেলেছেন জ্যাসন। আগে তিনি নিজের নাম লিখতেন ‘ভি জ্যাসন সঞ্জয়’ হিসেবে। তবে সাম্প্রতিক বিতর্কের পর সেই ‘ভি’ আর ব্যবহার করছেন না। বিষয়টি নেটিজেনদের নজর এড়ায়নি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে।
তামিল চলচ্চিত্র অঙ্গনে তারকা সন্তানদের নামের আগে বাবার নামের আদ্যাক্ষর ব্যবহার করার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন জ্যাসন। কিন্তু এখন সেই আদ্যাক্ষর বাদ দেওয়ায় অনেকেই এটিকে পারিবারিক দূরত্বের ইঙ্গিত হিসেবে দেখছেন।
গুঞ্জন রয়েছে, বাবার নামের আদ্যাক্ষর বাদ দেওয়ার পর তিনি হয়তো নিজের নামের আগে মায়ের নামের আদ্যাক্ষরও যোগ করতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি জ্যাসন বা সংগীতা।
গত কয়েকদিন ধরে বিজয় ও সংগীতার বিচ্ছেদ নিয়ে আলোচনার অন্ত নেই। আদালত ইতোমধ্যে বিজয়কে আগামী ২০ এপ্রিল সরাসরি হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সেই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
সংগীতা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। তার দাবি, ২০২১ সালেই তিনি বিষয়টি জানতে পারেন। এরপর একাধিকবার সম্পর্ক থেকে বের হওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি বিজয়।
অন্যদিকে এই বিতর্কে তৃষা কৃষ্ণাণ এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে বিজয় বলেছেন, “অযথা এসব নিয়ে মাথা ঘামাবেন না। যা রটছে, রটতে দিন।” তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


