সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী-কে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ভারতীয় জনতা পার্টি। শুক্রবার (৮ মে) বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার-এ বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠক শেষে বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পথ চূড়ান্ত হয় তার। আগামী শনিবার (৯ মে) ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য মোট আটটি প্রস্তাব জমা পড়ে এবং প্রতিটি প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। দ্বিতীয় কোনো নাম প্রস্তাবের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হলেও অন্য কোনো নাম সামনে আসেনি।
এ বিষয়ে অমিত শাহ বলেন, দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সর্বসম্মতিক্রমেই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
রাজনৈতিক মহলে আগে থেকেই শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল। বিশেষ করে তিনি টানা দুইবার মমতা বন্দ্যোপাধ্যায়-কে নির্বাচনে পরাজিত করায় দলের ভেতরে তার অবস্থান আরও শক্তিশালী হয় বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সমর্থনও শুভেন্দু অধিকারীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব তার নামেই চূড়ান্ত অনুমোদন দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


