আবহাওয়ার পরিবর্তনের সময় মশার সংখ্যা সাধারণত বৃদ্ধি পায়। মশা ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের বাহক, তাই তাদের নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। বাজারে মশা তাড়ানোর জন্য বিভিন্ন কয়েল, স্প্রে বা লিকুইড ভেপোরাইজার পাওয়া যায়, কিন্তু দীর্ঘ সময় এসব রাসায়নিক ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই বর্তমানে অনেকেই প্রাকৃতিক ও নিরাপদ ঘরোয়া উপায়ের দিকে ঝুঁকছেন।

মশার বংশবৃদ্ধির কারণ
ঘরে মশার সংখ্যা বাড়ার পেছনে রয়েছে কিছু পরিবেশগত কারণ। অপরিচ্ছন্ন জায়গা, অন্ধকার স্থান এবং জমে থাকা পানি মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করে। ফুলের টব, এয়ার কুলার, জলাধার বা ঘরের আশেপাশে থাকা পাত্রে পানি জমে থাকলে মশা দ্রুত বৃদ্ধি পায়। তাই ঘরের ভিতর ও আশেপাশ পরিচ্ছন্ন রাখা জরুরি।
প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর পদ্ধতি
১. কর্পূর ব্যবহার করে
কর্পূরের তীব্র গন্ধ মশা সহ্য করতে পারে না। কর্পূরের ট্যাবলেট বা গুঁড়া পানি দিয়ে ছোট পাত্রে রাখুন। ঘরের এক কোণে পাত্রটি রাখুন। কয়েক ঘণ্টার মধ্যে মশার সংখ্যা কমতে শুরু করবে। দুই দিন পরপর পানি বদলে নতুন পানি ব্যবহার করুন। আগের পানি ঘর মোছার কাজে ব্যবহার করা যেতে পারে, এতে পিঁপড়ারও উপদ্রব কমে।
২. সরিষার তেল ও জোয়ান
গুঁড়া জোয়ানের সঙ্গে সরিষার তেল মিশিয়ে কাগজের ছোট টুকরা বা তুলার বলের উপর লাগিয়ে ঘরের বিভিন্ন কোণে রাখুন। রাতে শরীরের উন্মুক্ত অংশে হালকা সরিষার তেল লাগালেও কামড়ের ঝুঁকি কমানো যায়।
৩. নিম তেল
নিম তেল ঔষধি গুণে সমৃদ্ধ এবং মশা তাড়াতে কার্যকর। সন্ধ্যার সময় ঘরের এক কোণে ছোট প্রদীপে নিম তেল জ্বালানো যেতে পারে। এটি রাসায়নিক ব্যবহার না করে নিরাপদ পদ্ধতিতে মশা দূরে রাখতে সাহায্য করে।
৪. সুগন্ধি ব্যবহার
রাতে ঘুমানোর আগে শরীরে আতর, পারফিউম বা লোশন মাখলে মশা কমে। মশারা সাধারণত সুগন্ধি পছন্দ করে না।
৫. রসুন ও ভিনেগার স্প্রে
কিছু রসুনের কোয়া পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ব্যবহার করা যায়। এছাড়া সমপরিমাণ পানি ও আপেল সিডার ভিনেগার মিশিয়ে ত্বকে ও পোশাকে স্প্রে করলে মশা দূরে থাকে।
৬. নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েল
পানির সঙ্গে নারিকেল তেল এবং টি ট্রি বা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরে স্প্রে করুন। এটি প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি মশা তাড়ানোর জন্য।
এই প্রাকৃতিক উপায়গুলো ব্যবহার করলে ঘরে ও আশেপাশের মশার উপদ্রব কমানো সম্ভব এবং স্বাস্থ্যও রক্ষিত থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


