দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তাঁর অভিনয়ের পাশাপাশি স্বাস্থ্যসচেতন জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ডায়েট ও খাদ্যরুচি নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তিনি জানান, গত প্রায় তিন বছর ধরে তিনি নিজেকে পেসকেটেরিয়ান (যে খাদ্যাভ্যাসে মূলত মাছ খাওয়া হয়, কিন্তু মাংস এড়িয়ে চলা হয়) হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর খাদ্যাভ্যাসে আরও পরিবর্তন এসেছে। এখন মাছ বা ডিম খেতেও অনেক সময় অস্বস্তি বোধ করেন বলে জানান তিনি।
জয়া আহসান বলেন, প্রাণী অধিকার নিয়ে কাজ করার পর থেকেই তাঁর মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তন এসেছে। তাই অনেক সময় তিনি মনে করেন, প্রাণী হত্যা করে খাবার গ্রহণ করা ঠিক নয়—এ ভাবনাই তাঁকে প্রভাবিত করছে।
তবে তিনি একই সঙ্গে এটিও মনে করেন, শরীরের সুস্থতার জন্য প্রোটিন গ্রহণ করা জরুরি, বিশেষ করে নারীদের জন্য। তাই খাদ্যাভ্যাস নিয়ে তিনি এখনও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন।
খাবারের পছন্দ নিয়ে মজার মন্তব্যও করেন তিনি। শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ ও পেঁয়াজ ছাড়া কাজ করা কঠিন হয়ে পড়ে বলে জানান এই অভিনেত্রী।
তিনি আরও বলেন, সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তাঁর প্রতিদিনের অভ্যাস। এছাড়া ছোটবেলা থেকেই কাঁচা ও সহজ খাবারের প্রতি তাঁর ঝোঁক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


