পোল্যান্ড ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা জানিয়েছেন, এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যা বাস্তবায়িত হলে স্কুলে মোবাইল ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আসবে।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে মোবাইল ফোন ব্যবহার আর স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণযোগ্য নয়। শিশুদের পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া এবং আচরণগত পরিবর্তনের ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমান সময়ে শিশুদের ইন্টারনেটের ওপর নির্ভরতা ক্রমাগত বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
পোল্যান্ডের শিক্ষাব্যবস্থা অনুযায়ী ৭ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এর আগে ফেব্রুয়ারি মাসে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী, যা ভবিষ্যতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে আইনি জটিলতা তৈরি করতে পারে।
শিশুদের মনোযোগ ও আচরণের ওপর স্মার্টফোনের নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে ইতিমধ্যে নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও ইতালির মতো দেশগুলোও স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। পোল্যান্ডও সেই পথে হাঁটছে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


