‘সিটাডেল’-এর দ্বিতীয় মৌসুম মুক্তির মধ্যেই নতুন হলিউড ছবিতে যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাকে দেখা যাবে হলিউড তারকা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে আসন্ন সারভাইভাল থ্রিলার ‘রিসেট’ ছবিতে।

ছবিটি পরিচালনা করছেন ম্যাট স্মাকলার। চলতি বছরের আগস্ট মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নতুন এই থ্রিলার ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে প্রথমবারের মতো প্রিয়াঙ্কা ও অরল্যান্ডোর জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।
জর্ডান রলিন্স রচিত ‘রিসেট’-এর গল্প আবর্তিত হয়েছে এক রহস্যময় নারীকে ঘিরে। সেই চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সভ্যতা থেকে বহু দূরের এক নির্জন অরণ্যে তার বেড়ে ওঠা। কিন্তু সেখানে কীভাবে পৌঁছেছেন, সে বিষয়ে তার কোনো স্মৃতি নেই। এমন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তাকে নির্ভর করতে হয় এক অচেনা ব্যক্তির ওপর, যার চরিত্রে রয়েছেন অরল্যান্ডো ব্লুম। তবে সেই ব্যক্তি সত্যিই বিশ্বাসযোগ্য কি না, সেটিই গল্পের বড় রহস্য।
ছবিটি নিয়ে পরিচালক ম্যাট স্মাকলার বলেন, তিনি এমন এক জুটিকে খুঁজছিলেন যাদের মধ্যে একই সঙ্গে আকর্ষণ ও সন্দেহের আবহ তৈরি করা সম্ভব। তার মতে, প্রিয়াঙ্কা ও অরল্যান্ডোর মধ্যে সেই বিশেষ সামঞ্জস্য রয়েছে এবং তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করবে।
ছবিটির প্রযোজনায় রয়েছেন জন হোবার ও এরিক হোবার। তাদের ফ্রাট্রিসাইডাল ফিল্মসের পাশাপাশি প্রযোজনায় যুক্ত রয়েছে কেমিক্যালি অল্টার্ড, রোডস এন্টারটেইনমেন্ট, প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স এবং অরল্যান্ডো ব্লুমের অ্যামেজিং আউল।
প্রযোজকদের ভাষ্য অনুযায়ী, ‘রিসেট’ শুধু বেঁচে থাকার গল্প নয়; এতে রয়েছে প্রেম, প্রতারণা, রহস্য ও টানটান উত্তেজনা। গল্পের প্রতিটি ধাপে থাকবে অপ্রত্যাশিত মোড়।
সম্প্রতি প্রিয়াঙ্কাকে ‘দ্য ব্লাফ’ ছবিতে কার্ল আরবানের সঙ্গে দেখা গেছে। এছাড়া ‘সিটাডেল’-এর দ্বিতীয় মৌসুমও সম্প্রতি মুক্তি পেয়েছে। সামনে তাকে দেখা যাবে পরিচালক এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে। মহেশ বাবু অভিনীত এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন তিনি।
অন্যদিকে অরল্যান্ডো ব্লুমকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য কাট’ ছবিতে। এছাড়া তিনি অভিনয় করেছেন অ্যাকশনধর্মী কমেডি ছবি ‘ডিপ কভার’-এ। সামনে পরিচালক ওয়ার্নার হারজগের ‘বাকিং ফাস্টার্ড’ ছবিতেও অভিনয় করবেন তিনি। সেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন রুনি মারা ও কেট মারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


