র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। রোববার (১৫ মার্চ) র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিদায়ী অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, ডিজি শহিদুর রহমানের চুক্তিভিত্তিক দায়িত্ব আজই শেষ হয়েছে। বিদায়ি অনুষ্ঠানে তিনি র্যাব ফোর্সেসের সঙ্গে সময় কাটিয়ে শেষ কর্মদিবস অতিবাহিত করেন। নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদকে ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে র্যাবের শীর্ষ পদে নতুন মুখকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন দক্ষ কর্মকর্তাকে শিগগিরই র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন যে কোনো সময় জারি করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দেশজুড়ে গণঅভ্যুত্থানের পর পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি শহিদুর রহমানকে ৭ আগস্ট র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তার চুক্তিভিত্তিক মেয়াদ এক বছর এবং পরে আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


