মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরের টাউন শাখার রাজ হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি খাবার সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন।
অভিযানে হোটেলের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করে দেখা যায়, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার তৈরি ও সংরক্ষণের বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির আহ্বান জানান।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



