রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার আইনি জটিলতায় পড়েছেন তৃণমূল সংসদ সদস্য, অভিনেত্রী ও জনপ্রিয় উপস্থাপিকা রচনা ব্যানার্জি। মঙ্গলবার (২ জুন) দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে রচনা ব্যানার্জি একাধিকবার নিহত ও নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন। সেই বিষয়কে কেন্দ্র করেই এবার তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক আইনজীবী।
এদিকে অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে—ঘটনার প্রায় দেড় বছর পর কেন এই অভিযোগ সামনে আনা হলো।
অভিযোগকারীর দাবি, ওই সময়েও রচনা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল, তবে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগপত্রে বলা হয়েছে, আরজি কর হাসপাতালের নির্যাতিতার নাম প্রকাশ করে রচনা ব্যানার্জি একটি ভিডিও বার্তা দিয়েছিলেন, যেখানে বারবার তার নাম উচ্চারণ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। সেই ভিডিওটি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আইনজীবীর আরও অভিযোগ, পূর্বে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় এখন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর আবারও বিষয়টি সামনে আনা হয়েছে।
তার দাবি, রচনা ব্যানার্জি আইনবিরোধী কাজ করেছেন এবং তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ঘটনায় থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ করেছে বলেও জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



