বলিউড পাড়ায় বইছে আনন্দের হাওয়া। প্রথম সন্তান দুয়া-র জন্মের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে মাতৃত্বকালীন এই সময়েও কাজের প্রতি তার একাগ্রতা বিন্দুমাত্র কমেনি। বর্তমানে তিনি ‘রাকা’ এবং ‘কিং’-এর মতো দুটি বিগ বাজেটের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ‘রাকা’ সিনেমায় দীপিকার দৃশ্যগুলো কমিয়ে আনা হতে পারে। তবে ছবিটির নির্মাণ সংশ্লিষ্টরা এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
দ্য টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক বিবৃতিতে তারা নিশ্চিত করেছেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ‘রাকা’ সিনেমায় দীপিকা পাড়ুকোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এবং সেটে দারুণ উদ্দীপনার সঙ্গে শুটিং চলছে।’
আল্লু অর্জুন এবং নির্মাতা অ্যাটলির এই বহুল প্রতীক্ষিত সিনেমায় দীপিকাকে বেশ কিছু শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে বলে জানা গেছে। ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল আগ্রহ রয়েছে।
‘রাকা’ ছাড়াও দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। ছবিটিতে রানী মুখার্জি, অভিষেক বচ্চন, সুহানা খানসহ একঝাঁক তারকা অভিনয় করছেন।
উল্লেখ্য, এর আগে নিজের প্রথম গর্ভাবস্থায়ও দীপিকা ‘সিংহাম এগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন।
গত ১৯ এপ্রিল দীপিকা ও রণবীর সিং সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি প্রকাশ করেন। তাদের বড় মেয়ে দুয়া-র একটি ছবি শেয়ার করে তারা এই ঘোষণা দেন। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন এই তারকা দম্পতি।
২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটির ঘর আলো করে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রণবীর সিং বর্তমানে তার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার সাফল্য উপভোগ করছেন। আর তার মধ্যেই পরিবারে নতুন সদস্য আসার এই খবর তারকা যুগলের আনন্দকে যেন দ্বিগুণ করে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


